বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই সৈয়দ হাবিবুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, ঢাকার ধামরাই পৌরসভার কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লেহাজ উদ্দিন (৫৫) ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার শুকুর আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫)।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, গ্রেপ্তার দুইজনই পেশাদার মাদক কারবারি। তবে আসামি আব্দুল আজিজের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।
Leave a Reply