বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক সুজন হাওলাদারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল অভিযুক্ত মারুফসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরায় সংস্থাটির ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা জেলা পিবিআইয়ের এসএসপি এম.এন. মোর্শেদ।
তিনি জানান, ১০ আগস্ট সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুরগামী সড়কের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে মাথায় ও গলায় আঘাতের চিহ্নসহ অটোভ্যানচালক সুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি মারুফ ও তার সহযোগী তানভীর ঢালী ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়। অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে অভিযুক্তরা যাত্রীবেশে সুজনকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করেছে পিবিআই। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply