বাংলা ফটো নিউজ : সাভারে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পাথালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের জরিপ শুরু হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য দেওয়ান ডা. সালাউদ্দিন বাবুর সম্মতিতে এ কার্যক্রমের শুভ সূচনা হবে। প্রথম ধাপে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পুরো উপজেলায় এই কার্যক্রমে মোট ১,১৫১ জন তথ্য সংগ্রহকারী ও ১১৫ জন সুপারভাইজার কাজ করবেন।
এ বিষয়ে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, দলীয় প্রভাব ও স্বজনপ্রীতি ছাড়াই কেবল যোগ্যতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া অনিয়ম রোধে প্রযুক্তিভিত্তিক ও হয়রানিমুক্ত ব্যবস্থার পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply