বাংলা ফটো নিউজ : শিল্পাঞ্চল সাভারে শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারীদের হামলায় অন্তত ৮ জন সংবাদকর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে হামলাকারীরা কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন এবং ক্যামেরা ভাঙচুর করে।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন নিউজ২৪-এর সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও ক্যামেরা পার্সন ইমদাদুল, স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমদ সোহান সিরাজী, একাত্তর টিভির প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও ক্যামেরা পার্সন উজ্জ্বল হোসেনসহ আরও ৩ জন।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, সকালে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকেরা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনার লাইভ সম্প্রচার করার সময় হঠাৎ একদল বিক্ষোভকারী তাদের ওপর চড়াও হয়, মারধর করে এবং ক্যামেরা ভেঙে ফেলে।
একই সময়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় অন্য সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় বলে জানান স্টার টেলিভিশনের সাংবাদিক আহমেদ সোহান সিরাজী।
সার্বিক বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের দিকে কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও দুপুরের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
Leave a Reply