বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
নিহতদের পরিবারের সদস্যদের হাতে আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ আর্থিক সহায়তা তুলে দেন বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম। প্রীতি গ্রুপের পক্ষ থেকে বিজিএমইএ’র মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় চার পরিবারকে মোট ১২ লাখ টাকা প্রদান করা হয়।
নিহত মোহাম্মদ হানিফ, মো. সামছুল আলম, জয়নব বেগম ও মো. নজরুল ইসলামের পরিবার আর্থিক সহায়তা পেয়েছে।
বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় নিহত অন্যদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাদের পরিবারকেও একইভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ চাকরি চাইলে তার ব্যবস্থা করা হবে।
সহায়তা হস্তান্তরকালে বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, যেকোনো শিল্প দুর্ঘটনাই অত্যন্ত বেদনাদায়ক। প্রীতি গ্রুপের কারখানায় আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, তবে সংকটের এ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply