বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম বলেছেন, কারও কাছে মাথা নত করার জন্য সাভারে রাজনীতি করি না। একজন মানুষ যদি প্রমাণ করতে পারে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার ছবি আছে, তাদের সঙ্গে আমি লিয়াজোঁ করে চলেছি কিংবা কোনো কর্মীর বিপদের সময় আমি পাশে দাঁড়াইনি, তাহলে সেদিনই রাজনীতি ছেড়ে দেব।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সাভারের ছায়াবীথি এলাকায় সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোরশেদ আলম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তাঁর পরিবার দলটির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির জন্য ত্যাগ স্বীকার ও রক্ত ঝরিয়েছে।
তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে সাভারে বিএনপির অস্তিত্ব ধরে রেখেছিল আমার পরিবার। তখন মজনু, মিজান ও মোহাম্মদ আলী এই তিনজনের বাইরে বিএনপি করার মতো খুব কম মানুষই ছিলেন। দলের সিনিয়র নেতারা তখন কারাগারে ছিলেন। এই তিনজনই দলকে সংগঠিত রেখেছেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকে এসব নিজের চোখে দেখেছি। সেই ভালোবাসা থেকেই রাজনীতি করি। আওয়ামী লীগ সরকার আমাকে অনেক নির্যাতন করেছে, কিন্তু আমাকে মাথা নত করাতে পারেনি। কারও কাছে মাথা নত করার জন্য আমি সাভারে রাজনীতি করি না।
এ সময় তিনি সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হানিফ শেখ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাইম।
এ সময় সাভারের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply