বাংলা ফটাে নিউজ : লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এসময় আরও বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
মতিয়া চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পরে খুনীরা ভেবেছিল বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলে ইতিহাসের চাকা স্তব্ধ হয়ে যাবে। কিন্তু তার কন্যা শেখ হাসিনা এক বুক হাহাকার নিয়ে সাইক্লোনের মত এ দেশে এসে শিশুদের বাসযোগ্য করে এই বাংলাদেশকে গড়ে তুলেছেন।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ, কবি আসলাম সানী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেগম মতিয়া চৌধুরী সিআরপি ক্যাম্পাসে অবস্থিত উইলিয়াম এন্ড মেরি টেইলর স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, বই, খাবারসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply