বাংলা ফটো নিউজ : সাভারে রান্নায় চুলায় গ্যাসের চাপ কম পাওয়ায় একটি কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনায় কারখানাটির শ্রমিকদের সাথে এলাকাবাসীর হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, গত কয়েক মাস ধরে ভাগলপুর এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের পেসার কম পাওয়ায় রান্না নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে তাদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস থাকে না। এর কারণে প্রায়ই রান্না করতে না পেরে হোটেল থেকে কিনে খেতে হচ্ছে।
তাদের অভিযোগ, বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড কারখানায় অধিক গ্যাস ব্যবহারের কারণে গ্যাস সংকটে পড়েছেন এলাকাবাসী। ওই কারখানার মেশিনে সকল বাসা বাড়ির গ্যাস চুষে নিচ্ছে।
এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে কারখানাটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এ সময় কারখানার শ্রমিকরাও কারখানার সামনে জড়ো হলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ৫ জন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনায় কারখানাটি পরিদর্শন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, কিছু না জানিয়ে এলাকাবাসী হঠাৎ কারখানা ঘোরার করে তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Leave a Reply