বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় এক স্কুল ছাত্রকে ইয়াবা সেবনের অভিযোগ তুলে মারধর করায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এঘটনা ঘটে।নিহত ওই স্কুল ছাত্রের নাম মহন আলী (১৫) । সে ওই এলাকার ইউসুফ আলীর ছেলে এবং বাড়ির পাশে প্রোগেসিভ মডেল স্কুলের অষ্টম শ্রেণী ছাত্র।
নিহতের বাবা ইউসুফ আলী জানান, তার ছেলেকে গতকাল ইয়াবা সেবনের মিথ্যা অভিযোগ তুলে আউকপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি মারধর করেন। পরে আজ সকালে আবারও আউকপাড়া এলাকার মজিবুর রহমান বিশা ও সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তি ইয়াবা সেবনের অভিযোগ তুলে একটি ক্লাবে নিয়ে মারধর করেন। এ খবর পেয়ে স্কুল ছাত্রের পরিবার তাদের কাছ থেকে হাত-পা ধরে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। পরে দুপুরে সে অপমান ও মারধর করার অভিযোগে নিজের টিনসেড ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকেলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এদিকে এঘটনায় মারধরকারী ওই ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ ভাড়া ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে খোকন নামের (২৬) এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।
Leave a Reply