বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ইভা আক্তার নামে তিন বছরের এক শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার ইয়াপুর এলাকার একটি টিনশেড বাড়ির গোসলখানা থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইভা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর-আবাবিল গ্রামের শাহীন হোসেনের মেয়ে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে সাভারের ইয়াপুরের হেলাল উদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করতো।
স্থানীয়রা জানায়, নিহতের বাবা-মা দুইজনই আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিক। তারা কাজে গেলে বাসায় শিশু ইভা ও তার আট বছরের ভাই সাকিব থাকতো।ওই বাড়িতে প্রায় ১০টি কক্ষের ভাড়াটিয়াদের জন্য বাইরে যৌথ চারটি বাথরুম ও দুটি গোসলখানা রয়েছে। দুপুরে শিশুর খালাতো ভাই তাকে রুমে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গোসলখানার দরজা খুলে ফ্লোরে ইভার মরদেহ দেখতে পায়। পরে শিশুর বাবা-মা ও থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধারসহ একটি ব্লেড জব্দ করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে জব্দকৃত ব্লেডটি দিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই এর একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা রিগান ও আল-আমিন নামে প্রতিবেশী দুই ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
Leave a Reply