বাংলা ফটো নিউজ : সাভারে মাদক সেবনের সময় বাকবিতণ্ডার জেরে রইচ উদ্দিন (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে অপর এক মাদকসেবী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশকে না জানিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে যায় স্বজনরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের চাপাইন এলাকার ব্রিজের পাড়ে ছুরিকাঘাতের শিকার নিহত যুবক।
নিহত রইচ উদ্দিন সাভারের চাপাইন এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে। তবে ছুরিকাঘাত করা অপর মাদকসেবীর কোনো তথ্য পাওয়া যায়নি। এমন কি ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা ইমান আলী পলাতক। ইমান আলী একই এলাকার জব্বার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চাপাইন ব্রিজের ঢালে রইচ উদ্দিন ও ইমান আলীসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। এসময় তাদের মধ্যে ঝগড়া হলে এক যুবক রইচের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রইচকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা মরদেহ নিয়ে আসেন এবং দাফনের জন্য প্রস্তুতি নেন। এ খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘রইচ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের স্বজন কিংবা যারা হাসপাতালে এনেছিলেন তারা কোনো তথ্য না দিয়ে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান। এ বিষয়টি আমরা সাভার মডেল থানায় লিখিতভাবে জানিয়েছি।
সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মূল কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছেও বলে জানান তিনি।
Leave a Reply