বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। একই সাথে সাভার উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ৭২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমিসহ গৃহ প্রদান করা হবে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানান।
প্রেস ব্রিফিং-এ ইউএনও মাজহারুল ইসলাম জানান, আগামী ২২ মার্চ বুধবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশে ৩৯,৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতক খাস জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টি সহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ৪র্থ পর্যায়ে ৭২টি সহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৩০৮টি ঘর নির্মাণ করা হয়।
এর মধ্যে ভাকুর্তা ইউনিয়নে ৩৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার, তেঁতুলঝোড়া ইউনিয়নে ৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার, সাভার ইউনিয়নে ১২টি ভূমিহীন-গৃহহীন পরিবার, শিমুলিয়া ইউনিয়নে ১২টি ভূমিহীন-গৃহহীন পরিবার এবং বিরুলিয়া ইউনিয়নে ৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। জমিসহ ঘর প্রদানের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের স্থানে সুপেয় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের সুবিধাও রয়েছে।
মাজহারুল ইসলাম আরো জানান, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানের পাশাপাশি সাভার উপজেলাকে “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। সাভার উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪টি পর্যায়ে ক শ্রেণীর তালিকা অনুযায়ী ৩০৮টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। ক শ্রেণীর তালিকা অনুযায়ী কোন ভূমিহীন-গৃহহীন পরিবার না থাকায় এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ কর্তৃক স্ব স্ব ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন নেই মর্মে প্রত্যয়ন প্রদান করার ফলে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ সাভার উপজেলাকে “ক শ্রেণীর” ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply