বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। আজ বুধবার (৩১ মে) সকালে ওই এলাকার রতন মিয়ার বাড়ির সিঁড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, আজ ভোরে সিঁড়ির পাশে বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে বাসিন্দারা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) জানান। সেখান থেকে সাভার মডেল থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওই বাড়ির মালিক রতন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিদিনের মতো বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সিঁড়ির কাছে এসে দেখি সেখানে একটি বস্তা পড়ে আছে। পরে বস্তার ভেতরে হাত বাঁধা অবস্থায় মানুষের লাশ দেখতে পাই। পরে ৯৯৯-এ কল দিই। ওই নারী আমাদের বাসার ভাড়াটিয়া নয়। আগে কখনো দেখিনি তাঁকে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।
Leave a Reply