বাংলা ফটো নিউজ : সাভারে স্থানীয়দের ধাওয়ার মূখে জমি দখলে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে যমযম নূর বিল্ডার্স নামের একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বুধবার (২৩ আগষ্ট) সকালে সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারি খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্থায়ী সিমানা প্রাচীর নির্মান শুরু করে যমযম নূর বিল্ডার্স। এ সময় এলাকাবাসী দখলারদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে যমযম নূর বিল্ডার্সের সন্ত্রাসী বাহিনী হাতবোমা বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে।
খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস বলেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩ শতাংশ জমি যমযম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকর্ডিও জমির মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এবিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে যমযম নূর বিল্ডার্স।
তবে যমযম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, এগুলো সব আমাদের জমি। আমাদের জমিতে আমরা সীমানা প্রাচীর দিচ্ছি। সন্ত্রাসী নিয়ে গুলিবর্ষন ও হাতবোমা বিস্ফোরণের বিষয়ে বলেন আমরা গুলি কিংবা হাতবোমা বিস্ফোরণ ঘটনাইনি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বোমা বিস্ফোরণ বা গুলিবর্ষণের কোন খবর পাওয়া যায়নি। তবে দুই গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply