বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার একটি ভবনের ফ্ল্যাট থেকে ছেলেসহ পোশাকশ্রমিক এক দম্পতির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখানো এ হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি।
এঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সাংবাদিকদের তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে।
নিহতরা হলেন- মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ভবনের অন্য ভাড়াটিয়ারা নিহত দম্পতির ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিলে দরজা খোলা এবং বিছানার ওপর রক্তমাখা লাশ দেখতে পান। এ সংবাদ থানায় জানানো হলে পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষে মা-ছেলের লাশ এবং অপর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায বাবা মুক্তারের গলা কাটা লাশ উদ্ধার করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, মরদেহগুলো প্রায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তও দেখা গেছে। অন্তত দুই-তিনদিন পূর্বে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মুক্তার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তার স্ত্রী শাহিদা বেগমের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তারা স্থানীয় পৃথক কারখানার পোশাক শ্রমিক ছিলেন।
Leave a Reply