বাংলা ফটো নিউজ : সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে রমজান আলী নামের চালককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সাভার নবীনগর র্যাব-৪ এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
গ্রেফতারকৃতরা হলেন-রাজু (৩০), মহসিন (৪০), নুর আলম (২৮), ইসমাইল (২০) ও আক্তার (১৯)।
সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, গত ৮ অক্টোবর এ হত্যাকাণ্ডের মূলহোতা রাজু ও তার সহযোগী ইসমাইল সাভারের হেমায়েতপুর থেকে যাত্রীবেশে রমজান আলীর অটোরিকশা ভাড়া নেয়। পরে তাদেরকে নিয়ে অটোরিকশাটি ভাকুর্তা ইউনিয়নের কাইশারচর এলাকার নির্জন স্থানে পৌছলে পূর্ব হতে ওৎ পেতে থাকা অপর সদস্যদের সহযোগিতায় রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা।এ সময় চালক রমজান আলী ডাক চিৎকার শুরু করলে গ্রেফতারকৃতরা তার হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অজ্ঞাত আসামীদের নামে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের পাশাপাশি এ মামলার ছায়াতদন্তে নামে র্যাব। প্রাথমিক তথ্য বিবরণী এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুরসহ কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে ৫ হত্যাকারীকে গ্রেফতার করা হয়।
পরে দুপুরে আসামীদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply