বাংলা ফটো নিউজ : ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্যকে নিয়ে সাভারে পালিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সাভার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সিআরপি একতা প্রকল্প, সাভার উপজেলা সমাজসেবা কার্যালয় এবং গ্রামীণ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি (ভেসপা) আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার মো. শিবলীজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে বা বাদ পড়ছে। এই বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তির অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়। আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply