বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার পৌর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) রাতে থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন।
তিনি বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের মেঝে থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, রাতেই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে ওই নারীর পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Leave a Reply