বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় আলিফ পরিবহণে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় বাসটি সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় ছিল।
পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে ।
জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এসময় আগুন থেকে অল্পের জন্য বেঁচে গেছেন চালক।
বাসচালক সাত্তার মিয়া জানান, তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে নিজের জীবন বাচিয়েছেন। এসময় বাইরে দাঁড়িয়ে থাকা চারজন হেলমেট পরা ব্যক্তিকে দেখে তিনি চিৎকার করতে থাকেন। তারপরেই তারা ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।
বাসের মালিক সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
Leave a Reply