বাংলা ফটো নিউজ : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এর আগে বুধবার রাতে সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আল আমিন (৩২) ও ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এছাড়া পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তাদের বিরুদ্ধে জামালপুর, মাদারিপুরসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বলিয়াপুর মধুমতি মডেল টাউন থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে এসআই আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স। পরে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply