বাংলা ফটো নিউজ : আশুলিয়ার জিরানী বাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে জিরানি বাজার এলাকার এ রহমান টুইন টাওয়ার এর ‘হাজী আনোয়ার মডার্ণ ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার’ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-ডায়াগনষ্টিক সেন্টারের বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন (২৮) ও অপরজন পার্শ্ববর্তী এক কাঠের দোকানের কর্মচারী নাবিনুর (২৫)।
হাজী আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মালিক আমিনুল ইসলাম জানান, ফরহাদ রাতে সেন্টারেই থাকতেন। আজ সকালে প্রতিষ্ঠানটির ঝাড়ুদার সেখানে গিয়ে দরজা বন্ধ পান। তিনি তালা খুলে ঢুকে কাউকে না পেয়ে আমিনুল ইসলামকে খবর দেন। আমিনুল সেন্টারে এসে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। তখন ভেতরের কেচিগেট বন্ধ ছিল। ডাকাডাকিতে ভেতর থেকে কোনো সাড়া না মেলায় আমিনুল আশুলিয়া থানায় খবর দেন। পুলিশ এসে ভেতরের ফটক ভেঙে ঢুকে দুজনের লাশ উদ্ধার করে। দুজনের লাশের পাশে বমির চিহ্ন পাওয়া গেছে। মুখে রক্তের দাগও ছিল।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কীভাবে মারা গেছে, তা এখনই বলা যাচ্ছে না। ফরহাদ ও পরিচয়হীন যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ দ্রুতই জানা যাবে।
Leave a Reply