বাংলা ফটো নিউজ : রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জনই নারী। আজ ১৮ এপ্রিল বুধবার ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলার বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীর নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মো. শহীদুল্লাহ বলেন, গত পয়লা বৈশাখের দিন বিকালে দু’জন নারী বোরকা পরে গোদাগাড়ীতে বর্ষবরণের অনুষ্ঠানবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এর সূত্র ধরে বুধবার ভোরে সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছয় জন নারী ও একজন পুরুষ। পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে দু’জন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বাকিরা নতুন সদস্য।
আটককৃতরা ৭ জনই এক পরিবারের সদস্যা। এরা হলেন গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামের মৃত কইমুদ্দিন শেখের পুত্র হাসান আলী (৪৩), তার স্ত্রী সেফালী খাতুন (৩৫), দুই কন্যা ফারিহা খাতুন কনা (১৭) ও হানুফা খাতুন (১৯) এবং হাসান আলীর ভাই মৃত রেজাউল করিমের তিন কন্যা রোজিনা সুলতানা কলি (২৫), রাজিয়া সুলতানা তৃষা (২২) ও ফারহানা আকতার সুইটি (১৭) ।
Leave a Reply