বাংলা ফটো নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পেশাদার সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তারা দেশের সমস্যা আশা-আকাঙ্খা ও অহংকারের কথা তুলে ধরেন। সম্ভাবনাময় বাংলাদেশের জন্য সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। দেশের কোথায় কি হচ্ছে তার খবর সাংবাদিকরা আগাম জানান দিয়ে থাকেন। কিন্তু হলুদ সাংবাদিকতা এখন সমাজের বোঝা হয়ে দাড়িয়েছে। এদেরকে রুখতে হবে। শনিবার সন্ধ্যায় সাভার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাপ্তাহিক সাভার সংবাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদাপর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের লিখনীর উপরে কেউ হাত দেয়নি। বর্তমান সরকার কখনো সাংবাদিকতায় হস্তক্ষেপ করেনি। সরকার সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়াকে উন্মুক্ত করে দিয়েছে। হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, হলুদ সাংবাদিকতা বা নীতিভ্রষ্ট সাংবাদিকতার জন্য পেশাদারদের উপর কালিমা লেপন হচ্ছে। পরে মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। তিনি বাল্য বিয়ের উপর নির্মিত একটি নাটকের ভিডিও সিডির মোড়ক উম্মোচন করেন।

অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ায় উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করায় তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুর আলম সমর, অদম্য মেধাবী আল আমীন ও শারিরিক প্রতিবন্দ্বী আহম্মদ আলী, সততা স্কুল পরিচালনা করায় এ্যাবাক পাবলিক স্কুল ও দুর্নীতি প্রতিরোধ কমিটিকে সম্মাননা পদক দেয়া হয়েছে।
সাভার সংবাদের সম্পাদক কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ডা. এনামুর রহমান, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সদর দপ্তরে কর্মরত এসপি আশরাফুল আজীম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইদুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ ও পিআইবির পরিচালক মধুসূদন মন্ডল, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব প্রমুখ। সঞ্চালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
Leave a Reply