বাংলা ফটো নিউজ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে রুবেল নামের (২৩) এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে মালিকপক্ষের লোকজন। এঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করলে প্রায় ১০ জন শ্রমিককে কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি মালিকপক্ষ।
বুধবার সকালে আশুলিয়ার বড়রাঙ্গামাটিয়া এলাকায় ওয়াররিট গার্মেন্টস এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় এক’শ ১০ জন শ্রমিক। শ্রমিকদের এপ্রিল মাসের অর্ধেক মাসের বেতন দেওয়ার কথা ছিলো ।কিন্ত মালিকপক্ষ তা না দেওয়ার তালবাহানা করে। এ ঘটনায় কয়েক জন শ্রমিক প্রতিবাদ জানালে কারখানার পরিচালক মিল্লাত হোসেনের নির্দেশে রুবেল নামের এক শ্রমিককে পিটিয়ে আহত করে। পরে এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানার সামনে বিক্ষোভ করলে কারখানার ডিরেক্টর মিল্লাত হোসেন ভাড়া করে সন্ত্রাসী এনে শ্রমিকদের ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন।
এবিষয়ে কারখানার ডিরেক্টর মিল্লাত হোসেন বলেন, কাজ না করলে শ্রমিকদের আমি কারখানার ভিতরে শিকল দিয়ে বেঁধে কাজ আদায় করে নিবো।
এদিকে কারখানার অন্য ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, ডিরেক্টর মিল্লাত মানসিক ভাবে অসুস্থ তাই ভাড়াটে সন্ত্রাসী এনে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করেছে ওর হয়ে আমি দু:খিত।
এঘটনায় শ্রমিকরা কারখানার ডিরেক্টর মিল্লাত হোসেনের অপসারণ দাবি জানিয়ে বিক্ষোভ ও কর্মবিতরতি পালন করে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply