বাংলা ফটো নিউজ : মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় আছমত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যবসায়ী শহিদ পালোয়ান ও তার দলবল। পরে এলাকাবাসী আছমত আলীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন মজিদপুর রাজার বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত আছমত আলীর মেয়ের জামাই সেলিম পারভেজ বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।পরে সাভার মডেল থানা পুলিশ ওই মাদক ব্যবসায়ী শহিদ পালোয়ানকে গ্রেপ্তার করেছে।

আহত আছমত আলী বলেন, মজিদপুর এলাকার স্থানীয় শরীফ পালোয়ানের ছেলে সন্ত্রাসী শহিদ পালোয়ান দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও সে ওই এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম পরিচালনা করে। আমি ও এলাকার স্থানীয় কয়েকজন এসব অপকর্মে বাধা দিলে শহিদ পালোয়ান আমাদের হত্যার হুমকি দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মজিদপুর রাজার বাড়ির সামনে দিয়ে হেটে যাওয়ার পথে বাচাও বাচাও বলে ডাক-চিৎকার শুনতে পাই এবং আমিসহ পথচারী কয়েকজনে মিলে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি সন্ত্রাসী শহিদ পালোয়ান তার নিজের বাবা ও মাকে মারধর করছে। এসময় আমরা বাঁধা দিলে শহিদ পালোয়ানের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৩/৪জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে শহিদ পালোয়ান ও তার লোকজন আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। পরে আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে। এ হামলায় আমার হাতে ও পিঠসহ শরীরের বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে আঘাতপ্রাপ্ত হই।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, পুলিশ শহিদ পালোয়ানকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও তার পরিবারের লোকজনের কাছ থেকে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে বলেও জানা তিনি।
Leave a Reply