বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে বাঁশঝাড় থেকে পূর্ণিমা আক্তার (৭) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে সুয়ারপুর ইউনিয়নের রৌহা এলাকার একটি বাঁশঝাড় থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এলাকার সামছুল ইসলামের মেয়ে পূর্ণিমা রৌহা বাজারে ডিম কেনার জন্য যায়। পরে আর সে বাড়ি ফেরেনি। পরে আজ সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে তার লাশ দেখে স্থানীয়রা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু বলেন, দুর্বৃত্তরা শিশুকে ধর্ষণ শেষে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হবে।
Leave a Reply