বাংলা ফটো নিউজ : অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ ওঠা রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়াকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষকদের পক্ষে থাকা উপাধ্যক্ষ আবদুর রাজ্জাকেও ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
ওই আদেশে বলা হয়েছে, অবসর গ্রহণের সুবিধার্থে ওই দুজনকে ওএসডি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও কলেজ সূত্রে জানা গেছে, আবদুল লতিফ মিয়া আগামী আগস্টে অবসরে যাবেন। মূলত কলেজের সাম্প্রতিক পরিস্থিতির কারণেই তাঁকে আগেভাগে ওএসডি করা হয়েছে। আবদুল লতিফ মিয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ভায়রা ভাই।
আগামী জুন মাসে উপাধ্যক্ষের অবসরে যাওয়ার কথা।
অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের প্রতিবাদে ওই কলেজের শিক্ষকেরা প্রায় দুই মাস ধরে আন্দোলন করছেন। এতে কলেজটিতে একধরনের অচলাবস্থা চলছিল। শিক্ষকদের দাবি ছিল, ওই অধ্যক্ষকে সরাতে হবে।
Leave a Reply