বাংলা ফটো নিউজ : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী বেণু মাধব আর নেই। বুধবার দুপুর ১২টা ২১ মিনিটের দিকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই লিভার এবং কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।
যশোদা হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সম্পথ দ্য নিউজ মিনিটকে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন বেণু মাধব। এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। এর দুই সপ্তাহ আগেই কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত রোববার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তখন চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন এই কমেডিয়ান। শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর ভারতের অন্ধ্র প্রদেশে জন্ম নেন বেণু মাধব। ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘সম্প্রদায়ম’ সিনেমায় ছোট একটি চরিত্র দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। তারপর তাঁকে দেখা গেছে ১৯৯৭ সালের তেলেগু ছবি ‘মাস্টার’–এ। তেলেগু ছাড়াও অসংখ্য তামিল ভাষার ছবিতে দেখা গেছে তাঁকে। অল্প সময়েই তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় ১৭০। ‘হাঙ্গামা’, ‘ভুকাইলাস’, ‘প্রেমাভিশেকাম’ ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ‘হিরো’র চরিত্রে।
তাঁর মৃত্যুতে ভক্ত আর দর্শকেরা শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়। তাঁর অভিনীত দৃশ্য শেয়ার করে লিখছেন শোকবার্তা। টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি আজ তাদের সবচেয়ে বড় তারকা কমেডিয়ান ও অভিনয়শিল্পীর একজনকে হারাল। তিনি বিশ শতকের “কিং অব কমেডি”। তিনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন। আর উপহার দিয়েছেন চমৎকার সব সিনেমা। ওপারে ভালো থাকুন প্রিয়।’
Leave a Reply