বাংলা ফটাে নিউজ : সাভারে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ পঞ্চাশ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম। এঘটনায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দ্রব্যমুলের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সকালে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের প্রচন্ড বাকবিতণ্ডা হয়। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয়কাজে বাধা প্রদানের অভিযোগে সকালে সাভার মডেল থানা পুলিশ থানায় বাদি হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায়, সাবেক এমপি সালাউদ্দিন বাবুসহ পঞ্চাশজন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply