বাংলা ফটো নিউজ : মধ্যরাতে সাভার হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় বেবিলন গ্রুপের অবনী ফ্যাশনের একটি নির্মানাধীন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার ভবনটি নির্মাণাধীন হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (৭ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো: রাজিব।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে চামড়া শিল্পনগরীর দুটি ও সাভার ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, গার্মেন্টসটির নির্মাণাধীন ছয়তলা ভবনের কাজ চলছিল। কারখানাটির নতুন প্রস্তাবিত নাম বেবিলন ওয়াশিং। রোববার ষষ্ঠ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে বিদ্যুতের লাইন টেনে হ্যালোজেন লাইট লাগিয়ে কাজ করে চলে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকরা।
পরে গভীর রাতে ওই হ্যালোজেন লাইট হিট হয়ে কিংবা শর্ট সার্কিটের মাধ্যমে ঢালাইয়ের জন্য রাখা কাঠ ও বাঁশে আগুন লাগে। কারখানাটিতে কাজ শুরু না হলেও তৃতীয় ও চতুর্থ তলায় গার্মেন্টসের কিছু কাঁচামাল রাখা ছিল। তবে ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন ষষ্ঠতলা থেকে অন্য ফ্লোরে ছড়াতে পারেনি।
Leave a Reply