বাংলা ফটো নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা হারিছ চৌধুরীর নাম পরিচয় গোপন রেখে সাভারে একটি মাদ্রাসায় দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বছরের ৪ সেপ্টেম্বর বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসায় তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন হারিছ চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী।
জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসার অধ্যক্ষ আশিকুর রহমান সাংবাদিকদের জানান, তার পূর্ব পরিচিত ব্যক্তি জাফর ইকবাল মাসুম নামের এক ব্যবসায়ী মিরপুর থেকে গত বছরের ৩ সেপ্টেম্বর তাকে ফোন করে জানান মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি নানা জঠিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। তাকে ওই মাদ্রাসায় দাফন করতে হবে। পরে ৪ সেপ্টেম্বর বিকেলে একটি এ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি এসে মাদ্রাসায় জানাযা শেষে তারা হুড়া করে তাকে দাফন করা হয়। এসময় ওই মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা অনুদান হিসেবে দান করেন নিহতের মেয়ে সামিরা চৌধুরী। নাম পরিচয় গোপন রেখে ওই মাদ্রাসায় হারিছ চৌধুরীকে দাফন করায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এ বছরের শুরুতে হারিছ চৌধুরীর মৃত্যু হয়েছে— এমন খবর নিশ্চিত হতে সিআইডিকে চিঠি দেয় ইন্টারপোল। ওই চিঠির পর তদন্ত করে সিআইডি। মৃত্যু তথ্য নিশ্চিত হতে পারার বিষয়টি জানিয়ে সদর দফতরকে অবহিত করে সংশ্লিষ্টরা। এখন আবারও নতুন করে হারিছ চৌধুরীর মৃত্যু ও তার দাফনের বিষয়টি সামনে আসায় নতুন করে খোঁজ খবর নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্রের দাবি, সাভারে দাফন হওয়া ‘মাহমুদুর রহমান’ই হারিছ চৌধুরী কিনা, তা নিশ্চিত হতে আইনি প্রক্রিয়ায় আগাবে পুলিশ। এক্ষেত্রে তার মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্ট করার প্রক্রিয়া অবলম্বন করতে পারে তারা। আদালতের নির্দেশনা পেলে দ্রুতই এ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাসহ একাধিক মামলার অভিযুক্ত আসামি ছিলেন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রভাবশালী নেতা সিলেটের হারিছ চৌধুরী। ওই হামলার টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলা মামলার চার্জশিটেও অভিযুক্ত আসামি ছিলেন হারিছ চৌধুরী। অভিযোগপত্রে তাকে লাপাত্তা দেখানো হয়। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার আসার পর হারিছ চৌধুরী গা ঢাকা দেন।
Leave a Reply