বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই-ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়বেটিকস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।এসময় আরো দুইজন আহত হয়।
নিহতরা হচ্ছেন- ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) তার দুই ছেলে নাসিব খান (২০) ও ছোটন খান (১৮)।
স্থানীয়রা জানান, পিয়ারা বেগম তার দুই ছেলেকে নিয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ির দিকে সিএনজিতে করে রওনা হন। ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজনই গুরুতর আহন হন। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর ছোটন খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত পিয়ারা বেগম ও অপর ছেলে নাসিব খানকে ঢাকায় পাঠানো হলে পথে তাদেরও মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়লা শায়মিন জেসি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পিয়ারা বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নাসিব ও ছোটন খানের চাচাতো ভাই হৃদয় বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পিয়ারা বেগম ও ছেলে নাসিব খানেরও মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, কয়জন মারা গেছেন তা এখনও নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply