বাংলা ফটো নিউজ : পৃথক স্থান থেকে এক তরুণীর ঝুলন্ত লাশসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) দুপুরে ধামরাইয়ের বাথুলী ও কালামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাথুলি এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছের একটি ঝুপড়ি ঘরে এক মানসিক ভারসাম্যহীন নারী (৪৫) বসবাস করে আসছিল। বুধবার দুপুরে এলাকার লোকজন ওই নারীকে মৃত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে দুপুরে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকা থেকে সেলিনা আক্তার স্বপ্না (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর কাটালিয়া ইউনিয়নের চর পাগলা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। সে কালামপুর এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে বিসিক শিল্প নগরীর বিলায়েত বেকারিতে কাজ করতেন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত সেলিনা আক্তার ও আঁখি আক্তার একই বাড়িতে থেকে একই কারখানায় কাজ করতো। দুপুরে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে স্থানীয়দের খবর দেয়। পরে ইউপি সদস্য হানিফ হোসেন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply