বাংলা ফটো নিউজ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১১টি স্বর্ণেরবার ছিনতাইকালে দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা হলেন- মো. সোহেল এবং রুবেল।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে আগানগরের গুদারাঘাট খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আটক দুই জনের মধ্যে মো. সোহেল (এস এফ) রাজারবাগে এবং রুবেল ডিবিতে কর্মরত রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার ছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত ডিবি পুলিশ লেখা একটি সরকারি মাইক্রোবাসও জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার স্বর্ণের ১১টি বার নিয়ে তাঁতিবাজার যাওয়ার সময় পুলিশ পরিচয়ে কয়েকজন তাদের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দুই র্ণস্বব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও দুই পুলিশকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply