বাংলা ফটো নিউজ : সাভারে শফিকুল বারী চৌধুরী নামে এক ব্যবসায়ীকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি এমএ মাজেদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এম এ মাজেদ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে। সে নিহত শফিকুল বারী চৌধুরীর ব্যবসায়ীক পার্টনার ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সিআইডি পুলিশ জানায়, নিহত শফিকুল বারী চৌধুরী ও গ্রেফতারকৃত এমএ মাজেদ একসাথে ঠিকাদারি ব্যবসা করতো। এরই প্রেক্ষিতে শফিকুল বারী চৌধুরী মাজেদের কাছে ব্যবসায়ের লভ্যাংশ বাবদ ৮ লাখ টাকা পাওনা হয়। সেই টাকা চাওয়াতে ২০১৯ সালের ২১ মার্চ সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে মাজেদ তার অংশীদার শফিকুল বারী চৌধুরীকে তার বাসায় ডেকে নিয়ে যায়। একপর্যায়ে মাসুম নামে একজন ভাড়াটে খুনি দিয়ে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করায়। এঘটনায় নিহতের মেয়ে এ্যাডভোকেট শাকিলা আফরোজ সীমা বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা হত্যাকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষনিকভাবে মাসুমের মা মোর্শেদাকে গ্রেফতার করে। এছাড়া হত্যাকাণ্ডের পর থেকেই রহস্যজনক কারণে এম এ মাজেদও গাঁ ঢাকা দেয়। অন্যদিকে হত্যাকারী মাসুম দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে মাসুম জানায় সে এম এ মাজেদের কথামতো ব্যবসায়ী শফিকুল বারী চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটির দায়িত্বভার গ্রহণ করে এবং দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা হত্যাকাণ্ডের মূল হোতা এম এ মাজেদকে মঙ্গলবার সাভার থেকে গ্রেফতার করে।
সিআইডির ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মূলহোতা এম এ মাজেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply