বাংলা ফটো নিউজ : সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের যাদুরচর এলাকার আলোচিত দুই স্কুলছাত্র রায়হান ও নাজমুলের হত্যাকারী মূল আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতদের স্বজনরা।
সোমবার (২৮ মার্চ) সকালে সাভার পাবলিক লাইব্রেরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা খাদিজা বেগম এবং নাজমুলের পিতা নেসার উদ্দিন মোল্লা বলেন প্রায় ৯ মাস অতিবাহিত হয়ে গেলেও পুলিশ হত্যার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা এ মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে টালবাহানা ও বৈরী আচরণের অভিযোগ করেন।
নিহত স্কুলছাত্র রায়হানের মা খাদিজা বেগম বলেন, গত ১০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রায়হান ও নাজমুল নিখোঁজ হন। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই। এরপর পরের দিন শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামে পাট ও ধইঞ্চা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ১৪ জুন সোমবার সকালে তেঁতুলঝোরা ইউনিয়নের যাদুরচর এলাকা থেকে আসামি শাহ জালালকে আটক করলেও এ মামলার মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।
নিহত স্কুলছাত্র নাজমুলের পিতা নেসার উদ্দিন মোল্লা বলেন, তদন্তকারী কর্মকর্তা হরিণ ধরা ট্যানারী ফাঁড়ির এস আই জাহিদের নিকট মামলার বিষয়ে যোগাযোগ করলে তিনি বিরক্তবোধ করেন। হত্যার রহস্য উদঘাটনে কয়েকজন ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদ করার কথা প্রস্তাব করলে তিনি অনিহা ও বৈরী আচরণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজনরা খুনের রহস্য উদঘাটন করে মুল আসামীদের গ্রেফতারে মামলাটি পিআাইবিতে হস্তান্তরে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply