আবু সায়েম মাস্টার (মতলব প্রতিনিধি) : ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার মহানবী (সা.) কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিক্ষোভ মিছিল করেছে মাদানী ফাউন্ডেশন, ইসলামী তৌহিদী জনতা ও ছাত্র সমাজ।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা এ বিক্ষোভ মিছিল করে তারা। নারায়ণপুর পশ্চিম বাজার মির্জা হোসেন আলী জামে মসজিদ ও পূর্ব বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মতলব পেন্নাই সড়কসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘বিশ্বনবীর অপমান, মৃত্যু দন্ড সমাধান’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন মুসল্লিরা।
মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরাফাত বিন আনোয়ারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদানীয়া মাদ্রাসার সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, মাদ্রাসা অর্থ সচীব হাফেজ আলাছ বিন আনোয়ার, মাওলানা সহিদুল ইসলাম, আরবী প্রভাষক গোলাম মাওলানা ফারুকী, মাওলানা আমিনুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, মহানবীর বিরুদ্ধে কটুক্তি করা ইসলামের দুশমন। ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী (সা.) ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তারা অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
Leave a Reply