আবু সায়েম মাস্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. সহিদের বিরুদ্ধে বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ড ও সোলার প্যানেল দেওয়ার কথা বলে হতদরিদ্রদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তিনি একজন ভিক্ষুকের কাছ থেকেও ঘুষ নিতে কসুর করেননি। ইউপি মেম্বরের এই বাণিজ্য নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তদন্ত করে তাকে বরখাস্ত করার দাবি তুলেছেন ওয়ার্ডবাসী।
আশ্বিনপুর গ্রামের মালেক মাস্টার বাড়ির ভিক্ষুক আমেনা নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘আমি ভিক্ষা-টিক্ষা করে খাই। ১৫ হাজার টাকা পাইয়ে দিতে সহিদ মেম্বার আমার কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেন। পরে আরো দুই হাজার টাকা দাবি করেন।’
একই বাড়ির হতদরিদ্র ফেরদাউস বেগম নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘১৫ হাজার টাকা পেতে হলে সরকারকে ৩ হাজার টাকা দিতে হবে। এ কথা বলে আমার কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ নেন মেম্বার। পরে আরো এক হাজার টাকা দাবি করেন। আমি এক সপ্তাহ সময় নিয়েছি।’
ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মো. সহিদের আশ্বিনপুর গ্রামের হতদরিদ্র হোসনেয়ারা বেগম, মুন্নী আক্তার, জুলেখা, নূর জাহান, শাহিন, মহসিন, আবুল কাসেম, আলমগীর সহ প্রায় ৩৫ জনকে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের ১৫ হাজার টাকা করে পাইয়ে দিতে ৩ থেকে ৫ হাজার টাকা করে ঘুষ নেন। উপকারভোগী প্রত্যেকের কাছে আরও ২ হাজার টাকা করে দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় শহিদ তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও হুমকি দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ‘ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়’ প্রকল্পে মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৪’শ জন উপকারভোগীর একাউন্টে ১৫ হাজার টাকা করে পাবে। এর মধ্যে- নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ২১৬ জন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ২৪৮ জন, খাদেরগাঁও ইউনিয়নে ১৮৮ জন, নারায়ণপুর ইউনিয়নে (পৌরসভা) ৩২৭ জন, উপাদী উত্তর ইউনিয়নে ১৬৫ জন ও উপাদী দক্ষিণ ইউনিয়নে ২৫৫ জন।
যোগাযোগ করা হলে সহিদ মেম্বার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ভুল হয়েছে, যাদের কাছ থেকে টাকা নিয়েছি কয়েক দিনের মধ্যে তাদের টাকা ফেরত দিয়ে দিবো।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ‘টাকার বিনিময়ে কার্ড করে দেওয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ ফেলে মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply