বাংলা ফটো নিউজ : সাভারে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে রাতভর ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে ও পিটুনিতে বাসচালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বুধবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুন) রাত ১১টায় রাজধানীর গাবতলী থেকে ‘সিংড়া এলিগ্যান্স’ নামে দূরপাল্লার যাত্রীবাহী বাসটি নাটোরের উদ্দেশে রওনা দেয়। পথেমধ্যে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে যাত্রীবেশে বাসে ওঠেন পাঁচ ডাকাত। পরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৌছলে বাসের ড্রাইভার হেলপারসহ যাত্রীদের ছুরিকাঘাতে ও পিটিয়ে ডাকাতরা গাড়িটির নিয়ন্ত্রণে নেয়।
রাতভর ডাকাতরা বাস চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর ঘুরে চন্দ্রা, জিরানী, বাইপাইল ও নবীনগরে হয়ে পুনরায় সাভার থানাধীন সিএন্ডবি এলাকায় এসে ডাকাতি ও যাত্রীদের মারধর করে।
এসময় কিছু যাত্রী চিৎকার দিলে ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত পুলিশ ডাকাতির বিষয়টি বুঝতে পেরে সেখানে গেলে তিন ডাকাত পালিয়ে গেলেও দুই ডাকাতকে আটক করে।
এদিকে আশুলিয়া থানা পুলিশ ডাকাত সন্দেহে ওই বাসের টিকেট চেকারকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply