বাংলা ফটো নিউজ : চাঁদাবাজি ও ব্যবসায়ীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন।
আজ রোববার (১৪ মে) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ও স’মিল ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু বলেন, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান গত ১ মাস ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় আনন্দপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করেন মাসুম দেওয়ান ও তার সহযোগীরা। এ সময় হামলাকারীরা ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।
এই ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার রাতে সাভার মডেল থানায় পৌর ছাত্রলীগ সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের নামে মামলা দায়ের করেন।
পরের দিন মঙ্গলবার শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে মাসুম দেওয়ানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।তবে হামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী চুন্নু নিজেকে মজিব আদর্শের সৈনিক দাবি করে আরো বলেন, আমিও পদে ছিলাম। ব্যবসায় জড়িত হয়ে রাজনীতি ছেড়ে দিয়েছি। তবে এখনো আমি আওয়ামী লীগকেই ভোট দেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী মাসুম দেওয়ানকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
Leave a Reply