বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় বোন জামাইকে সঙ্গে নিয়ে তৃতীয় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী বিদ্যুৎ মন্ডলকে সাড়ে ৯ মাস পর রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টায় এক ‘প্রেস বিজ্ঞপ্তির’ মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
গ্রেপ্তার বিদ্যুৎ মন্ডল (৩৭) জয়পুরহাট জেলার কালাই থানার তালোরা বাইগুনি এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারী এলাকা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের ছায়া তদন্তে প্রায় সাড়ে ৯ মাস পর উন্মোচন হয় সেই অজ্ঞাতনামা নারীর হত্যার রহস্য। ডিবি পুলিশ ৯ নভেম্বর দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এ মামলার মূলহোতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বিদ্যুৎ মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তার বোন জামাই শাকিলুরকে সঙ্গে নিয়ে ভিকটিমকে হত্যা করে। পরে ভিকটিমের পরিচয় জানতে চাইলে সে জানায় ভিকটিম তার তৃতীয় স্ত্রী নারগিস (২৭)। ঘটনার পর থেকে তার বোন জামাই শাকিলুর পলাতক রয়েছে। তবে তাকে প্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।
ডিবির ওসি মোঃ জালাল উদ্দিন জানান, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজধানীর খিলগাঁও থানাধীন বাসাবো পশ্চিম নন্দিপাড়া থেকে এ মামলার মূলহোতাকে গ্রেপ্তার করেছে এসআই আঃ সালাম ও এএসআই আরিফুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স। পরে গ্রেপ্তারকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply