বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার উপজেলায় সম্প্রতি বেড়ে গেছে চুরির ঘটনা। প্রতিদিনই পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের কোনো না কোনো এলাকায় গরু-মহিষের খামার, ঘর-বাড়ি কিংবা অটোরিকশা চুরির খবর মিলছে। চোরদের এমন দৌরাত্ম্যে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে চুরিসহ নানান অপরাধ ঠেকাতে সাভার থানা পুলিশ নিয়মিত টহল দিলেও, তাদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি চুরির ঘটনার মধ্য উল্লেখযোগ্য- ঈদের পরের দিন রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ডগরমোড়া এলাকার শামসুর রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। ঈদের দুইদিন আগে পৌরসভার টেউটি এলাকার মিজানের বাড়ির গোয়াল ঘর থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরির ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি রাজাশন এলাকায় রাস্তার পাশে রিকশা রেখে চা খাওয়ার সময় চুরি হয়ে যায় জামালপুরের হামিদুলের রিকশাটি।
পুলিশের নিস্ক্রিয়তার কারণে এমন ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে ‘উপরি’ আয়ের দিকে বেশি সময় ব্যয় করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান আলী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সার্বক্ষণিক তৎপরতা তো রয়েছেই। পাশাপাশি পুলিশের হাতে এসব অপরাধীরা ধরাও পড়ছে বলে দাবি করেন তিনি।
Leave a Reply