বাংলা ফটো নিউজ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় তুলকালাম কান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই পোশাক কারখানায় পদদলিত হয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাতে সাভারের তেঁতলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স লিমিটেড কারখানায়। এঘটনায় ওই কারখানার এক সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
শ্রমিকরা জানায়, শনিবার বিকেলে ওই পোশাক কারখানার পাঁচ তলা ফ্লোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রায়হান মিয়া (৩০) নামের এক সুইং অপারেটরকে পিটিয়ে গুরুতর আহত করে ওই ফ্লোরের সুপারভাইজার আনোয়ার হোসেন। এঘটনায় ওই কারখানার প্রায় চার হাজার শ্রমিক ওই সুপারভাইজারের বহিস্কার ও বিচারের দাবিতে রাতে কাজ বন্ধ রেখে কারখানার নিচে নেমে এসে বিক্ষোভ করে। এসময় শ্রমিকদের একটি গ্রুপ কারখানার বাহিরে ও আরেকটি গ্রুপ কারখানার ভিতরে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেটে হামলা করলে ভিতরের থাকা শ্রমিকরা কারখানার বাহিরে আসার সময় পদদলিত হয়। এসময় প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। পরে আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এঘটনায় শ্রমিকরা ওই কারখানায় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করলে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়।
এঘটনায় সাভার মডেল থানা পুলিশ অভিযুক্ত ওই সুপারভাইজার আনোয়ার হোসেনকে (২৮) আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা পদদলিত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন ঔষধ ফার্মাসিতে চিকিৎসা সেবা প্রদান করেন।
আটক সুপারভাইজার আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নরজনা গ্রামের মৃত মানিক ভুইয়ার ছেলে। সে সাভারের উলাইলে মোয়াজ্জেম এর বাড়িতে ভাড়া থাকতো।
এঘটনায় ওই সুপারভাইজারকে কারখানা থেকে বহিস্কার করেছে কতৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ওই সুপারভাইজারের নামে।
Leave a Reply