বাংলা ফটো নিউজ ; ভোলার বোরহানউদ্দিনে জমে উঠেছে দিনব্যাপী মাছ মেলা। কম দামে বিভিন্ন প্রজাতির মাছ কেনার লাইন পড়েছে এই মেলায়। উদ্বোধনের পরপর কয়েক ঘন্টার মধ্যে পাঁচ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ও বিক্রেতারা। তবে মেলায় মোট সাত লাখ টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মাছ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম নাজমুস ছালেহসহ পৌরসভা, উপজেলা ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।
মেলায় মাছ ক্রয় করতে আসা এক ক্রেতা মোঃ হারুন মিয়া বলেন, এক সাথে অনেক মাছ এ মেলায় দেখে আমি মুগ্ধ। আমার পছন্দের মতো পাঁচ প্রজাতির মাছ কিনেছি। এ রকম আয়োজন যেনো প্রতিবছর করে সে আশাই রাখব।
আরেক ক্রেতা আরিফুর রহমান উজ্জল বলেন, অনেক কম দামে নির্ভেজাল মাছ এ মেলায় পাওয়া যাচ্ছে শুনে আমি ভোলা সদর থেকে মাছ কেনার জন্য এসেছি। এদিকে মেলায় ১২টি স্টলে মিঠা ও লোনা পানির প্রায় ২৫ প্রজাতির মাছ কেনার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় পড়েছে। এখানে সবচেয়ে বড় মাছ হিসেবে ১৭ কেজি ওজনের চিতল মাছ উঠেছে। তা এ বাজারের সর্বোচ্চ দামে ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মেলায় ব্যতিক্রম লক্ষনীয় বিষয় ছিলো পলিথিন মুক্ত মাছের মেলা। তিনটি স্টলকে সুন্দর করে সাজানো ও বড় মাছ বিক্রির জন্য পুরুস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দস বলেন, আমাদের এ মেলার মূল উদ্দেশ্য ছিলো মাছ চাষে মানুষকে উৎসাহিত করা। এ মেলায় অনেক কম দামে মাছ বিক্রি হচ্ছে। কোনও ভেজাল নেই। জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা এসে মাছ কিনেছে। আমরা এ আয়োজনে ব্যাপক সারা পেয়েছি। ভবিষ্যতে এ ধরনের আরো ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব খান বলেন, বোরহানউদ্দিনের মাছ মেলা জাতীয় মৎস্য মেলার মধ্যে বিভিন্ন কর্মসূচির একটি অংশ বিশেষ। আগামীতেও এ ধরনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply