বাংলা ফটো নিউজ : ধামরাইয়ের আড়ালিয়া ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বাবা ও ভাই। আজ সোমবার সকালে ধামরাই উপজেলার আড়ালিয়া ইউনিয়নের খরারচড় পশ্চিমপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে রাইহানকে (২১) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। হতাহতরা হলেন- নিহত মা জামিনা বেগম (৫৮), তিনি স্থানীয় কৃষক আব্দুল বাছেরের স্ত্রী ছিলেন। আহত বাবা আবুল বাসেদ (৬২) এবং বড় ভাই রতন মিয়া (৩০)।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে রাইহানকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে রোয়াইল ইউনিয়ন চেয়ারম্যান শামসুদ্দিন মিন্টু জানান, চার সন্তানের জননী এই মায়ের ছোট সন্তান রায়হান (২১) বেশ কয়েক বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার শরীরে জ্বিনের উপস্থিতি রয়েছে বলে বিশ্বাস করতেন তার পরিবারের সদস্যরা!
ভোরে মাকে গলা কেটে হত্যা করেন রাইহান। এসময় বাবা ও বড় ভাই এগিয়ে গেলে তাদের কুপিয়ে জখম করেন। এ ঘটনায় গুরুতর আহত বাবা ও ভাইকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে। খবর পেয়ে আমি ঘাতক রাইহানকে আটক করতে বলি এলাকাবাসীকে। পরে গ্রাম পুলিশের মাধ্যমে আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply