বাংলা ফটো নিউজ : ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকা জেলা ট্রাফিক পুলিশ গত তিন দিনের অভিযানে সাভার ও আশুলিয়ায় লাইসেন্স, ফিটনেস ও আনুষাঙ্গিক ত্রুটির কারণে প্রায় এক হাজার মামলা দায়ের করেছে। গত সোমবার থেকে ট্রাফিক পুলিশের এ অভিযান চলছে।
গতকাল বুধবারও তৃতীয় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, ইসলামপুর ও আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ ছয়টি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ট্রাফিক পুলিশ দূরপাল্লার বাস ও স্থানীয় পরিবহনসহ, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে। এ সময় পুলিশ মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে তারা সড়কে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত গত তিন দিনে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে প্রায় এক হাজার মামলা করা হয়েছে।
অভিযানে রোভার স্কাউটের সদস্যরা ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের সহযোগিতা করছেন বলেও জানান তিনি।
Leave a Reply