বাংলা ফটো নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আজ শুক্রবার ভোরে সাভারের এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে।
তবে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট দেওয়ার পর থেকে ছাত্রলীগের কড়া বিবৃতি ও বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়।’
পুলিশ জানান, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাভার প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবকে আসামি করা হয়েছে। আজ শুক্রবার ভোরে আইসিটি আইনের ৫৭(২) ধারায় মামলাটি করা হয়েছে।’
দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব জানান, দৈনিক ফুলকি অনলাইন ভার্সন dailyfulki.com এ ৬ আগস্ট ২০১৮ সোমবার আমাদের এক নবীন সহকর্মীর অসাবধানতা বশতঃ অন্য একটি লিঙ্ক থেকে অনাকাঙ্কিত শিরোনামে একটি সংবাদ আপলোড হয়েছিল। বিষয়টির সাথে কোনমতে আমরা একমত নই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অনলাইন থেকে সাথে সাথে পোস্টটি ডিলেট করে দেই। আমাদের এ অসাবধানতা ও অনাকাঙ্কিত ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
মামলার বাদী সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টটি নেতাকর্মীদের আহত করেছে। সংক্ষুব্ধ হয়েই তিনি মামলাটি করেছেন।
Leave a Reply