বাংলা ফটো নিউজ : সাভার ও আশুলিয়ার পৃথক চারটি স্থান থেকে এক স্কুল শিক্ষার্থীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার খাগান, আমিনবাজর এবং আশুলিয়ার শ্রীপুর ও গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বাবা-মায়ের সাথে অভিমান করে সকালে সাভার উপজেলার খাগান এলাকায় ফাইয়াজ রাফিদ নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
এদিকে, সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে গিয়াস গাজী নামের (৩৫) এক পিকআপ চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ট্রাক চাঁপায় মারা গেছে বলে জানিয়েছেন পুলিশ।
অন্যদিকে, সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জবেদা খাতুন (৩৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত জবেদা গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ এলাকার আয়নাল হকের স্ত্রী। তিনি স্বামীর সাথে আশুলিয়ার গণস্বাস্থ্য কাজী মার্কেট এলাকার মাহমুদ কাজির বাসায় ভাড়া থাকতো। মারা যাওয়ার সময় তার পেটে বিষ ছিলো বলে জানিয়েছেন হাসপাতাল কর্র্তৃপক্ষ।
অপরদিকে, আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকা থেকে শাকিলা খাতুন নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিলা আশুলিয়ার তালপট্রী এলাকার নাছির উদ্দিনের মেয়ে এবং শ্রীপুর নতুন নগর এলাকার সামাদের বাড়িতে ভাড়া থাকতো।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি।
Leave a Reply