বাংলা ফটো নিউজ : কিশোরগঞ্জের মিঠামইনে ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলা কাটখাল কাজেরর কাছে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি।
নিহত আক্তার কাটখাল ইউনিয়নের চরকাটখা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদেরকে মিঠামনইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকার লোকজন ও পুলিশ সূত্র জানায়, ঈদের আনন্দ উদযাপন করতে গতকাল বৃহস্পতিবার চর কাটখাল গ্রামে হক মিয়অর বাড়ি ও হাশিম মিয়ার বাড়ির মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনা দুপক্ষের খেলোয়াড়রা তাদের অভিভাবকদের জানালে তারা ছোটদের ঝগড়া মীমাংসা না করে উত্তেজনা ছড়িয়ে মারামারির প্রস্তুতি নেন।
আজ শুক্রবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপক্ষ রণসজ্জায় সজ্জিত হয়ে দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন আক্তার। তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আক্তার হাশিম মিয়ার গ্রুপের লোক। এ ছাড়া গুরুতর আহত একই গ্রুপের জয়নালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গছে।
কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলা নিয়ে ছোটদের ঝগড়ার ঘটনাটি মীমাংসা না করে বড়রা মারামারিতে লিপ্ত হওয়ায় এ হতাহতের ঘটনাটি ঘটে। তিনি বলেন, আর যেন কোনও দুর্ঘটনা না ঘটে সে চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও উত্তেজনা রয়েছে।’
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিমূল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারিতে একজন নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। নিহত আক্তার উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
Leave a Reply