বাংলা ফটো নিউজ : যশোরের অভয়নগরে তৈয়েব শেখ (৫৫) নামের এক কৃষককে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৈয়েব শেখ ওই গ্রামের মৃত কেরামত শেখের ছেলে।
তৈয়েব শেখের ছেলে সাগর শেখ বলেন, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন তার পিতা। রাত ২টার দিকে তার বাবার চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় পিতার গায়ে লাগা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান তিনি।
এদিকে, এই হত্যার রহস্য নিয়ে গুঞ্জন উঠেছে। স্থানীয় অনেকে মনে করছে স্থানীয় ভাটপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই কবিরের সঙ্গে মামলাজনিত কারণে দ্বন্দ্ব ছিল তৈয়েব শেখের। এর জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে স্থানীয় ভাটপাড়া ক্যাম্পের আইসি এসআই আবদুল মান্নান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে এই হত্যার অভিযোগটি সত্য নয়। তবে কে বা কারা কৃষক তৈয়েব শেখের গায়ে পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে হত্যা করেছে তার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা পেট্রলের গন্ধ এবং আগুন দেওয়ার কাজে ব্যবহৃত মশাল জাতীয় একটি বস্তুও পেয়েছি।’
অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে আমি খুমেক হাসপাতালে গিয়েছিলাম। দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
Leave a Reply